ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের চরভদ্রাসনে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সাহা এবং উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দিতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।