ইদানিং রিপোর্টঃ- সারাদেশব্যাপী নজরুল বর্ষ প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হুমায়রা তাসফিয়া। স্কুল পর্যায়ে প্রথম হওয়ার পর সদর উপজেলা এবং সর্বশেষ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ও প্রথম স্থান অর্জন করেছে সে। এবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষুদে এই শিক্ষার্থী।
গত ৫ অক্টোবর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় হুমায়রা। সেখানেও প্রথম স্থান অর্জন করে সে। এছাড়া গত ১০ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের উদ্যোগে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে আবারও প্রথম স্থান অর্জন করে হুমায়রা তাসফিয়া। তার এ ধারাবাহিক সাফল্যে পরিবার ও বিদ্যালয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে। পরবর্তী পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখতে হুমায়রা তাসফিয়ার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছে তার পরিবার।