ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩১৫ জনে। রোববার (২২ নভেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল দুটি থেকে ২৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট ৮ হাজার ৫৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আজ ফরিদপুর জেলার ৩৭ জন এবং অন্যান্য জেলার ১১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।