ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেলে তিনি হাসপাতাল দুটির বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা, চিকিৎসাসেবা ও ওষুধের প্রাপ্যতা সম্পর্কে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, হাসপাতাল দুটিতে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। ফলে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হচ্ছে। তিনি জানান, ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এটি বাস্তবায়ন হলে হাসপাতালটির স্বাস্থ্যসেবার মান ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।