
ইদানিং রিপোর্টঃ- ‘শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে’—এই প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোহাজীর কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মোহাজীর কলোনিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
নতুন এ শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। একটি সুন্দর, শিক্ষিত ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইউম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ পৌরসভা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ।