ইদানিং রিপোর্টঃ- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমাম উদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির হোসেন সাদ্দাম, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হবে। বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফরিদপুরে যাতে কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

Reporter Name 













