ইদানিং রিপোর্টঃ- জাতীয় বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোন লিমিটেডের উদ্যোগে ফরিদপুরে কলেজ অধ্যক্ষদের মধ্যে বিশেষ সিম বিতরণ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখার শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার ৯৮টি কলেজের অধ্যক্ষ ও প্রতিনিধি বৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র ফরিদপুরের পরিচালক (ভারপ্রাপ্ত) সেলিম হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ইজাজুল হক হাওলাদার, সহকারী পরিচালক মো. রুহুল আমিন এবং গ্রামীণফোন লিমিটেডের লিড স্পেশালিস্ট (বিজনেস ডিভিশন) এরশাদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিটি কলেজের অধ্যক্ষকে একটি করে গ্রামীণফোন সিম দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সিমটিতে সর্বনিম্ন ৪৫ পয়সা কলরেট সুবিধা থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর মধ্যে দাপ্তরিক যোগাযোগ সহজ ও কার্যকর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও জানানো হয়, কোনো অধ্যক্ষ বদলি, অবসর বা অন্য কোনো কারণে দায়িত্বে না থাকলে সিমটি কলেজে রেখে যেতে হবে। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ তা ব্যবহার করবেন। এতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজের মধ্যে যোগাযোগের ধারাবাহিকতা বজায় থাকবে। পরে সিম বিতরণ অনুষ্ঠান শেষ হয়।

Reporter Name 




















