ইদানিং রিপোর্টঃ- জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত এ্যাডহক কমিটিতে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামকে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং স্থানীয় ক্রীড়াবিদ রেজওয়ান বিশ্বাস (তরুণ)। স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ মো. মতিয়ার রহমানকে সদস্য-সচিব করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী অনুমোদিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের পর কমিটিটি কার্যকর হয়েছে। এদিকে নতুন এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. মতিয়ার রহমান ও সদস্য রেজওয়ান বিশ্বাস তরুণ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মাজহারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ফরিদপুরের ক্রীড়াঙ্গনে নিয়মিত খেলাধুলার আয়োজন, বিভিন্ন ক্রীড়া সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং নতুন খেলোয়াড়দের সুযোগ তৈরিতে এ কমিটি ভূমিকা রাখবে। পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পরে এ্যাডহক কমিটির সদস্য ও সদস্য-সচিব ফরিদপুর স্টেডিয়ামে গিয়ে তাদের প্রথম কার্যদিবসের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ফরিদপুরের বিভিন্ন ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নতুন এ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ায় ফরিদপুরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তারা জেলার ক্রীড়াঙ্গনে নিয়মিত প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু এবং ক্রীড়া অবকাঠামোর যথাযথ ব্যবহারের মাধ্যমে ফরিদপুরের খেলাধুলাকে আরও সক্রিয় করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Reporter Name 










