ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭-এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে ‘নতুন দিনের নতুন সূর্য, নতুন স্বপ্ন চোখে, নবীন তুমি এগিয়ে চলো, জ্ঞানের আলোর পথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীনবরণ-২০২৬ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবদুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনবরণ-২০২৬ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এ কে এম আমিনুল ইসলাম।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের শিক্ষাজীবনে জ্ঞানার্জন, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। পরে ফুলের শুভেচ্ছা প্রদান করে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

Reporter Name 
















