
ইদানিং রিপোর্টঃ- উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ছাড়া পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ অক্টোবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার আটাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। একই দিন ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আবু তাহের লেন্টু (৫০) নামের অপর একজনকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার দুজনসহ অন্য আসামিরা পারস্পরিক যোগসাজশে রাজন হোসেন (২১) নামের এক যুবককে নির্মাণকাজে চাকরির কথা বলে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠান বলে অভিযোগ রয়েছে। গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং তিনি দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন। পরে আহত অবস্থায় দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন তিনি। দেশে ফিরে ক্ষতিপূরণ দাবি করলে মিজানুর রহমান রাজনের পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়। এসআরবি জানায়, প্রাথমিক অনুসন্ধানে এই চক্রের বিরুদ্ধে প্রায় ৩০ জন বাংলাদেশিকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে প্রায় ২০ জনের মৃত্যুর এবং দুজনের পালিয়ে দেশে ফেরার তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, গত ১২ অক্টোবর রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর ধলেশ্বরী টোলপ্লাজা-সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি দল। এ সময় প্রায় ৩০ লাখ টাকা বাজারমূল্যের ৪৬৩ বোতল ফেনসিডিলসহ রুহুল আমীন (২৬) ও লিয়াকত (৪৩) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়