
ইদানিং রিপোর্টঃ- ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান দেশের রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করে। এ ঘটনার মধ্য দিয়ে তৎকালীন সেনা কর্মকর্তা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। তিনি আরও বলেন, দেশপ্রেমিক সিপাহি ও জনতার সম্মিলিত অভ্যুত্থান তৎকালীন রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির আকাঙ্ক্ষাকে নতুনভাবে সামনে নিয়ে আসে। আফজাল হোসেন খান পলাশ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনার এক গুরুত্বপূর্ণ স্মারক হয়ে রয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।