ইদানিং রিপোর্টঃ- সুস্থ, মেধাবী ও দক্ষ জাতি গঠনে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
শনিবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমি প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের সময় মোবাইল ফোন না আনার নির্দেশনা দেন। একই সঙ্গে মাদক ও ধূমপান থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করে সব শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়নে মনোযোগী হওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষকদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ বা গ্রুপিং না রেখে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জর্জ একাডেমি থেকে ২৫৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অনুষ্ঠানের শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

Reporter Name 



















