ইদানিং রিপোর্টঃ- ‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সভায় সনাকের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়, সহ সভাপতি পান্না বালা, সিনিয়র তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. গোলাম মোস্তফা জেলার তথ্য বাতায়নের ৭৬টি দপ্তরের সাতটি বিষয়ের ওপর পরিচালিত ফলোআপ জরিপের ফলাফল উপস্থাপন করেন। জরিপে দেখা যায়, গত বছরের তুলনায় চলতি বছর তথ্য হালনাগাদের হার কমেছে। ১৭টি প্রতিষ্ঠানে তথ্য হালনাগাদ বেড়েছে, ৩৪টি প্রতিষ্ঠানে কমেছে এবং ৩৩টি প্রতিষ্ঠানে অপরিবর্তিত রয়েছে। বক্তারা তথ্য অধিকার আইন-২০০৯ যথাযথভাবে বাস্তবায়ন, সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ এবং জনগণের তথ্যপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপতথ্য, ভুয়া তথ্য ও এআইনির্ভর বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কোনো তথ্য শেয়ার করার আগে যাচাই-বাছাই করার আহ্বান জানান। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চাওয়া ও প্রদানের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে তথ্য চাওয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। আলোচনা সভায় সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Reporter Name 


















