
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের মাঝে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’-এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। রোববার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী শিক্ষার্থীদের হাতে তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মেধাবী ও কৃতি সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।