ইদানিং রিপোর্টঃ- বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
সভায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল ও মো. সাকিব রহমান আকাশ, পুলিশ পরিদর্শক (সড়ক ও যানবাহন শাখা) মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং হোটেল মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে পর্যটন খাতের আধুনিকায়ন ও উন্নয়ন করতে হবে। ফরিদপুরের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পর্যটনের প্রচার ও প্রসার ঘটাতে হবে। এ সময় পর্যটকদের তথ্য, দিকনির্দেশনা, আবাসন ও যাতায়াত সেবা সহজ করতে ডিজিটাল ম্যাপ, ভার্চুয়াল ট্যুর ও অনলাইন তথ্যভান্ডার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং তরুণদের পর্যটন ও ডিজিটাল উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হয়। সভায় পর্যটনকেন্দ্রে ডিজিটাল ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন উন্নয়নে AI ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ফরিদপুর জেলার পর্যটন উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়।

Reporter Name 




















