ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের বোয়ালমারীতে ইব্রাহীম (৩৫) হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মো. মাসুদুর রহমান মাসুদকে (৪০) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।
এসআরবি জানায়, ২০২৫ সালের ২০ নভেম্বর রাতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম ও তার চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। খাবার শেষে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে আসা ৭-৮ জন ব্যক্তি ডিবি পরিচয়ে তাদের জোর করে গাড়িতে তুলে নেয়। পরে তাদের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। একপর্যায়ে হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পরে ইব্রাহীমকে হত্যা করে তার লাশ ফরিদপুরের বোয়ালমারী থানার বনচাকী-রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রাখা হয় বলে জানায় এসআরবি।
এ ঘটনায় নিহতের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পর এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল এসআরবি-৬-এর সহযোগিতায় অভিযান চালিয়ে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Reporter Name 



















