মধুখালী প্রতিনিধিঃ- ফরিদপুরের মধুখালী উপজেলার ৪ নম্বর কামালদিয়া ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ১ হাজার চারা গাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন ৪ নম্বর কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিদ হাসান মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তালেব শেখ। এ সময় ইউপি সদস্য মো. বাবলু খান, মো. আকতার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রোমা আক্তার ও শিল্পী বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কামালদিয়া ইউনিয়ন পরিষদের ১ হাজার চারা গাছ রোপণের উদ্যোগ প্রশংসনীয়। তিনি সবাইকে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওলিদ হাসান মামুন বলেন, কামালদিয়া ইউনিয়নকে সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পরে অতিথি ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন সড়ক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণে চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

Reporter Name 













