ইদানিং রিপোর্টঃ- রবিবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তার সূচনালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায়, জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)- এর আদলে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) প্রতিষ্ঠিত হয়েছে। একইসঙ্গে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠান দুইটি এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা যায়। উদ্বোধন অনুষ্ঠান সমূহে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Reporter Name 










