নিজ্জর হত্যায় নরেন্দ্র মোদীর নাম জুড়লো কানাডার পত্রিকা, ‘হাস্যকর’ বলে জবাব ভারতের
শিখ বিচ্ছিন্নতাবাদী কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জর হত্যার পরিকল্পনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন, কানাডার গণমাধ্যমে এরকম খবর প্রচারিত হওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে “কালিমালিপ্ত করার প্রচারণা চলছে।”
কানাডার একটি সংবাদমাধ্যমে খবর ছাপা হয়েছে যে হরদীপ সিং নিজ্জর নামে যে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গতবছর খুন হন, ‘সেই পরিকল্পনার কথা ভারতের প্রধানমন্ত্রী জানতেন না, এটা ভাবা যায় না।’
যদিও তারা বলেছে মি. মোদীর সংশ্লিষ্টতা নিয়ে কোনও প্রমাণ তাদের কাছে নেই।
কানাডার এক সিনিয়র জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ওই হত্যার ঘটনার সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সংশ্লিষ্টতার কথা প্রকাশ করেছেন। সেই একই ‘নামহীন’ সূত্র উদ্ধৃত করে কানাডার সংবাদপত্র ‘দ্য গ্লোব অ্যান্ড মেইল’ জানিয়েছে যে ভারতের বিদেশ মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ‘নিজ্জর হত্যার’ পরিকল্পনা আগে থেকেই জানতেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা সাধারণত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে মন্তব্য করি না। কিন্তু যে ধরনের হাস্যকর খবর কানাডার এক সরকারি সূত্র থেকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া হয়েছে, তা যথাসম্ভব অবজ্ঞার সঙ্গে খারিজ করা উচিত।”
“কালিমালিপ্ত করার এ ধরনের প্রচারণার ফলে আমাদের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা আরও ক্ষতিগ্রস্ত হবে,” মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল।
সূত্র – বিবিসি বাংলা
Leave a Reply