সড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না’
নিজস্ব প্রতিবেদন : আগামী মে মাস থেকে সড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান মো. ইয়াসীন।
তিনি বলেন, অটোরিকশার অনেকগুলো সংগঠন। তাই আমাদের খানিকটা বিপাকে পড়তে হয়েছে। এক পক্ষকে ডাকলে আরেক পক্ষ আবার অভিযোগ তুলে আমাদের কেন ডাকলেন না।
ফলে সিএনজি অটোরিকশা মিটারে চলা, ভাড়া এবং মালিলকে টাকা জমা দেওয়ার পরিমাণ বিষয়টি ঠিক করা কঠিন হয়ে গেছে।
আজ বুধবার দুপুরে মিরপুর ঢাকা মেট্রো-১ সার্কেলে বিআরটিএর সেবা সহজীকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, রাইড শেয়ারিং হওয়াতে সিএনজি অটোরিকশার ভাড়ার দৌড়াত্ম কিছুটা কমেছে। কিন্তু অটোরিকশা মালিক সমিতির কারণে গত তিন মাসে আমরা তা ঠিক করতে পারেনি।
এগুলোর একটা নীতিমালা আছে। এটা নিয়ে কমিটি করা আছে। আমরা দুই এক মাসের মধ্যে সিএনজি অটোরিকশার মিটারে চলার ভাড়া, জমা পরিমাণ এগুলো নিয়ে কঠোর ব্যবস্থা নেব।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, রাজধানীর বাসগুলোকে দেখলে বোঝা যায়, এগুলোর কী অবস্থা।
এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী মে মাস থেকে সড়কে কোনো ফিটনেসবিহীন বাস চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ইতিমধ্যেই মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া সড়কে শৃঙ্খলা ফিরাতে ম্যাজিস্ট্রটদের অভিযান শুরু হবে।
ম্যাজিস্টেটদের অভিযানের প্ল্যান করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি।
বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করব।
মতবিনিময় সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জহির আল লতিফ বলেন, আমি গতকালই (মঙ্গলবার) সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। ঢাকার বাসগুলোর অবস্থা খুবই খারাপ। এর আগে আরো খারাপ ছিল। আপনার আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ঢাকার পরিবহন ব্যবস্থায় অনেক উন্নতি দেখতে পারবেন।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম দুদু বলেন, আমাদের দেশের ড্রাইভারদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয় নাই। এ ছাড়া আমাদের পাঠ্য বইয়ে সড়ক দুর্ঘটনা সর্ম্পকিত সতর্কতার বিষয়ে যুক্ত করতে হবে। বিদেশের সড়কে একটা বিড়ালও ঢুকতে পারেন না। কিন্তু আমাদের দেশে সেই অবস্থা নেই।
সূত্র – কালের কন্ঠ
Leave a Reply