
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে ইটভাটার মাটি মেশানোর মিক্সার মেশিনে দুর্ঘটনায় বেল্লাল শেখ (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের কোতোয়ালী থানাধীন জোয়াইরার মোড় এলাকায় শওকতের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল শেখ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার হরিনগর গ্রামের বাসিন্দা। জানা যায়, ইটভাটায় কাজ করার সময় অসাবধানতা বশত বেল্লাল শেখের পা মাটি মেশানোর মিক্সার মেশিনের ভেতরে ঢুকে যায়। এ সময় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।