
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাইজিদ স্মৃতি সংঘকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহন জলিল স্মৃতি সংঘ। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। শেষ পর্যন্ত মোহন জলিল স্মৃতি সংঘের হয়ে আজিজুল ও ইব্রাহিম একটি করে গোল করে দলকে জয় এনে দেন। অপরদিকে বাইজিদ স্মৃতি সংঘের হয়ে একমাত্র গোলটি করেন মিলন। খেলা শেষে বিজয়ী মোহন জলিল স্মৃতি সংঘকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ২০ হাজার টাকা এবং রানারআপ বাইজিদ স্মৃতি সংঘকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল। বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার পাশাপাশি তরুণদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তারা আরও বলেন, কোনোভাবেই তরুণ সমাজকে মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে ফরিদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা ফরিদপুরে সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। আগামী দিনেও বিভিন্ন এলাকায় নিয়মিত ফুটবলসহ অন্যান্য খেলাধুলার আয়োজন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাজরিন রহমানসহ টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন দলের কর্মকর্তা, খেলোয়াড়, স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্লাবন শেখ। আয়োজনে দায়িত্ব পালন করেন আরিফ, সাব্বির, সাঈম, মেহেদীসহ ২ নম্বর কুটিবাড়ি এলাকার যুবসমাজ। আয়োজকরা জানান, স্থানীয় মোট ১৬টি দলকে নিয়ে নকআউট পদ্ধতিতে প্রায় এক মাস আগে ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটি শুরু হয়। ধাপে ধাপে বিভিন্ন দলকে পরাজিত করে মোহন জলিল স্মৃতি সংঘ ও বাইজিদ স্মৃতি সংঘ ফাইনালে উঠে আসে। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি মোহাম্মদ কুরবান আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আদিব বিশ্বাস ও মোহাম্মদ ছামীম। গুরুত্বপূর্ণ এ ফাইনাল খেলা দেখতে মাঠে উল্লেখযোগ্যসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।