ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে স্ত্রী হাসিনা বেগম (৩০) হত্যা মামলায় স্বামী ফরহাদ মোল্লাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ফরহাদ মোল্লা যৌতুকের জন্য স্ত্রী হাসিনা বেগমকে প্রায়ই চাপ দিতেন। একপর্যায়ে তিনি হাসিনার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুন সকালের মধ্যে কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধ করে হ* ত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসিনার বাবা মছলেম খলিফা মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামের বাড়ির একটি ঘরে হাসিনার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বাদী হয়ে ফরহাদ মোল্লাসহ পাঁচজনকে আসামি করে নগরকান্দা থানায় হ* ত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৩ মার্চ নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার ফরহাদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আদালতের ঘোষিত রায়ে আমরা সন্তুষ্ট। এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের ফলে ভবিষ্যতে সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলে আশা করি।

Reporter Name 










