ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে রোগী ও পথচারীরা
- আপডেট সময় : ১০:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি ও কাদায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় হাসপাতালে আসা রোগী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে হাসপাতালের সামনের সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছে। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি থেমে যাওয়ার পরও দীর্ঘ সময় পানি জমে থাকছে। ফলে সড়কে কাদা ও ময়লা জমে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে বিশেষ করে অসুস্থ রোগী ও বয়স্ক মানুষের হাসপাতালে যাতায়াতে বেশি ভোগান্তি হচ্ছে। একই সঙ্গে পিচ্ছিল ও কাদাযুক্ত সড়কে যান চলাচলে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে হাসপাতালের সামনের সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত উন্নত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।















