ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে হাই কেয়ার স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মানবিক সহায়তা, খেলনা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘চেষ্টা’র উদ্যোগে স্কুল মেরামতের জন্য দুই বান্ডিল টিন ও শিশুদের খেলনা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার পক্ষ থেকে স্কুলের জন্য নগদ অর্থ ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এছাড়া ‘চেষ্টা’ ও ‘ঢাকা শেকড়’-এর যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গণে ২০টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে ‘চেষ্টা’র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি গুলশান নাসরীন চৌধুরী, হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা রাশিদা আখতারী খানম, রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রেসিডেন্ট সাকেরা খান, ঢাকা শেকড়ের অ্যাডমিন নাসিমা জামানসহ সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লায়লা নাজনীন হারুন বলেন, “হাই কেয়ার স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” সাকেরা খান বলেন, শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। নাসিমা জামান বলেন, “বৃক্ষরোপণ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার অঙ্গীকার।” গুলশান নাসরীন চৌধুরী সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, “প্রতিবন্ধী শিশুরা করুণার পাত্র নয়, ভালোবাসার পাত্র। মানবতার হাত বাড়িয়ে ‘চেষ্টা’ তাদের পাশে দাঁড়িয়েছে।” হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা রাশিদা আখতারী খানম ঢাকা থেকে আগত সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের ভালোবাসা ও সহযোগিতা শিশুদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।

Reporter Name 


















