
ভাঙ্গা প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় সমর আলী (৩৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমর আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পিকআপযোগে ঢাকা থেকে খুলনায় পাইলিংয়ের কাজে যাচ্ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহম্মেদ বলেন , ঢাকা থেকে ৮–৯ জনের একটি নির্মাণ শ্রমিকের দল খুলনা যাওয়ার সময় ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে চা পান করছিলো। এ সময় ওই দলের সমর আলী মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে এসেছিলেন। পরে ফিরে আসার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহা সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গাড়িটি সনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।