
ইদানিং রিপোর্টঃ- নদীবিধৌত চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রাণিসম্পদ খাতের বিকাশে ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগী খামারিদের সহায়তা দেওয়া হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে গবাদিপশু পালন ও দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বাবলম্বী করা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং উপকারভোগী খামারিরা উপস্থিত ছিলেন।