
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে শারদ পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে পূজা উৎসবে সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি সজল বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাসদের সভাপতি অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ফরিদপুর সাহিত্য-সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক হাসানুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক সিংহ রায়, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক মোতালেব হোসেন, নাট্যকুঞ্জের সভাপতি নিরব ইমতিয়াজ শান্ত, শ্যামল জমাদার ও বান্ধব পল্লী সার্বজনীন পূজা কমিটির সভাপতি সজল জমাদারসহ অন্যরা।
এ বছর আলিপুরের বান্ধব পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি ‘প্রকৃতিকে বাঁচান, জীবন বাঁচান’ প্রতিপাদ্যে নান্দনিক মন্দিরসজ্জা ও ব্যতিক্রমী মণ্ডপ নির্মাণ করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। এ সৃজনশীল আয়োজনের স্বীকৃতিস্বরূপ কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। এ বছর দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান বক্তারা। অনুষ্ঠানে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ গ্রহণ করায় ফরিদপুরের সন্তান নিরব ইমতিয়াজ শান্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অনুপম নন্দী। এ সময় পূজা কমিটির কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।