
ইদানিং ডেস্কঃ- এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে দুটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছেন ফরিদপুরের কৃতী আর্চার রিয়া আক্তার বন্যা। তার বাড়ি শহরের কমলাপুরের বটতলাতে। তাঁর এ সাফল্যে গর্বিত ফরিদপুরবাসী।
প্রতিযোগিতায় রিয়া আক্তার বন্যা ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক, মিশ্র দলীয় ইভেন্টে রৌপ্যপদক এবং দলগত ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেন। তাঁর এ অর্জনে ফরিদপুর আর্চারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে ফরিদপুরে আর্চারি খেলার প্রতিষ্ঠাতা মাসুদুর রহমান চুন্নুর অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় ফরিদপুরে আর্চারি খেলাধুলার বিকাশ ঘটেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এ ছাড়া রিয়ার এ সাফল্যে সহযোগিতা করার জন্য ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফরিদপুর আর্চারি অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক পর্যায়ে রিয়া আক্তার বন্যার এ অর্জন বাংলাদেশের পাশাপাশি ফরিদপুরের ক্রীড়াঙ্গনের জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।