
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জনে। এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ২১ জনের।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ৩১ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৩৪ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হাসপাতালে আসা ৪৪ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ফরিদপুর জেলার ৩১ জন এবং অন্যান্য জেলার ১৩ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্যে জেলায় হাম পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।