
ইদানিং রিপোর্টঃ- খেলাঘরকে শিশু-কিশোরদের অধিকার, মুক্তচিন্তা ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
খেলাঘর জাতীয় সম্মেলন-২০২৭ সফল করার লক্ষ্যে ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলতাফ হোসেন। সভায় কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘরের সহ-সাধারণ সম্পাদক সুনীল সরকার মিন্টু, সম্পাদকমণ্ডলীর সদস্য নশ্রু কামাল খান ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুবর্ণা আরিফিন। বক্তারা জানান, আগামী ২২ ও ২৩ জানুয়ারি ২০২৭ ঢাকায় দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ডিসেম্বরের মধ্যে সব আসরের সম্মেলন ও আঞ্চলিক সম্মেলন সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, খেলাঘর শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, এটি শিশু-কিশোরদের অধিকার প্রতিষ্ঠা, মুক্তচিন্তা ও প্রগতিশীল সমাজ গঠনের আন্দোলন। প্রতিটি আসরকে সক্রিয় সাংগঠনিক কেন্দ্রে পরিণত করতে হবে। শিশু হত্যা, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি বৈষম্যহীন, গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন জোরদার এবং সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। সভায় জেলা সহসভাপতি আলেয়া হক, রুবিয়া মিল্লাত, মলয় সাহা ও উত্তম দত্ত; সম্পাদকমণ্ডলীর সদস্য নিমাই বিশ্বাস, অ্যাডভোকেট প্রীতিকনা রাহা, গীতা সাহা, ডা. মনোজ সাহা, খুশি রহমান ও নূর আবদুল্লাহ সাঈদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইলা মিত্র খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন আনা, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুয়ারা বেগমসহ দোয়েল সাথী, সূর্য সাথী, নবীন সাথী, তিতুমীর, কোয়েল সাথী, অর্কিড ও আসমানীসহ মোট ১০টি আসরের নেতৃবৃন্দ ও সংগঠকরা সভায় অংশ নেন।