ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩২ জনের শরীরে সন্দেহভাজন হাম শনাক্ত, মোট ৫ হাজার ২৫৭
- আপডেট সময় : ০৯:৩৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের শরীরে সন্দেহভাজন হাম (Measles) শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৭ জনে। তবে গত ২৪ ঘণ্টায় হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত জেলায় হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুন কোনো সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়নি। তবে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলাগুলোর মধ্যে আলফাডাঙ্গায় মোট ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৫৪৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৮১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মোট ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের বিভিন্ন এলাকার ২১ জন এবং অন্যান্য জেলার ১১ জন রোগী রয়েছেন। একই সময়ে ৪৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম সন্দেহে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি শিশুদের হামসহ সংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।















