ইদানিং রিপোর্টঃ- বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো)-এর ২১ জেলার অস্থায়ী লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকরা। মঙ্গলবার ফরিদপুর সার্কেলের আওতাধীন গোয়ালচামট এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগের অস্থায়ী লাইন সাহায্যকারী শ্রমিকরা।
কর্মবিরতিতে শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে দিন-রাত কাজ করলেও তাদের চাকরি এখনো স্থায়ী হয়নি। তারা অভিযোগ করেন, অন্যের বাড়িতে বিদ্যুৎ চলে গেলে তা পুনরায় চালু করতে তারা কাজ করেন, অথচ নিজেদের পরিবার-পরিজন নিয়ে আজ অনিশ্চয়তা ও অন্ধকারে দিন কাটাতে হচ্ছে। তারা আরও বলেন, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলের মাধ্যমে তাদের রাজস্ব খাতে চাকরি স্থায়ী করতে হবে। শ্রমিকদের এক দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। শ্রমিকরা তাদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইমামুল ইসলাম রকি, সাহায্যকারী মোঃ ফারুকুর রহমান, লাইন সাহায্য কারি আব্দুল বারেক মোল্লা , নিজাম হোসেন , মোহাম্মদ আদেল শেখ, মোঃ মেজবাহ।

Reporter Name 




















