ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৪:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের হালিমা গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা আক্তার। আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধন্যবাদ জানান তারা। বক্তারা জানান, ভবিষ্যতে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড ও ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিনামূল্যে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এ সময় গত ছয় মাসে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।
ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি, চক্ষু এবং নিউরোলজি বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম কৌশিক আহমেদ (অনিক), ফজলুল হামিদ তামিম, আলমস কেয়ার গিভারের পরিচালক সুস্মিতা কথা ও মো. রাকিবুল ইসলাম।
এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ এবং চিকিৎসাসেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।





















