মধুখালীতে জুবায়ের জুট মিলের উদ্বোধন, কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন
- আপডেট সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
মধুখালী প্রতিনিধিঃ- মধুখালী উপজেলার গোন্দারদিয়ায় জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিল প্রাঙ্গণে বিশেষ মোনাজাতের মাধ্যমে এর উৎপাদন কার্যক্রমের সূচনা হয়। জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসার খান। এ সময় উপস্থিত ছিলেন জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান খান, ও.আর. খান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুর রহমান খান, রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিও শহিদুর রহমান, আরডি মো. রফিকুল ইসলাম এবং জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রজেক্ট হেড ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন উপলক্ষে মিল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শত শত শ্রমিক-কর্মচারী ও স্থানীয়রা অংশ নেন।
মো. আবুল বাসার খান বলেন, “পাট আমাদের সোনালী আঁশ। এই মিল চালুর ফলে স্থানীয় অর্থনীতিতে গতি আসবে এবং দেশের রপ্তানি বাণিজ্যে পাটজাত পণ্যের অবদান আরও সুদৃঢ় হবে।” কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে মিলে শত শত বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা মিলের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং আধুনিক যন্ত্রপাতি ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। নতুন এই শিল্পপ্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।





















