
ইদানিং রিপোর্টঃ- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ফরিদপুরের নর্থ চ্যানেলের গোলডাঙ্গীর চরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন সবার জন্য ঝুঁকি, নারীর জন্য দ্বিগুণ হুমকি’ প্রতিপাদ্য সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সহসভাপতি হাসিনা মোশাররফের সভাপতিত্বে সভা পরিচালনা করেন পরিবেশ বিষয়ক সম্পাদক খুশি খন্দকার। এতে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক হোসনেআরা খানম, সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি এবং নারীর ওপর এর বিশেষ প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে নারী-পুরুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে পদ্মা নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভা শেষে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এ বিষয়ে নারীর অংশগ্রহণ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।