
মধুখালী প্রতিনিধিঃ- ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও কন্যাশিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিতির মাধ্যমে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের শিক্ষা ও বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি, মধুখালী দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি আক্তারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু এবং মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ এবং কন্যাশিশুরা উপস্থিত ছিলেন।