ফরিদপুরে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হৃদয় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এর আগে একই ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রি শাওনেরও মৃত্যু হয়। নিহত হৃদয় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোট গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কোতোয়ালি থানাধীন বাঁখুণ্ডা এলাকায় মো. কাওসার মিয়ার নির্মাণাধীন বাড়ির নতুন সেফটি ট্যাংকের ভেতরে ছাদের বাঁশ খোলার জন্য রাজমিস্ত্রি শাওন প্রবেশ করেন। কিছুক্ষণ পর বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় শাওনকে উদ্ধারের জন্য হৃদয় ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সকাল ৯টা ৫৭ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর ১২টার দিকে শাওনের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে হৃদয়েরও মৃত্যু হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে নিহত হৃদয়ের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





















