গোয়ালন্দ ঘাটে দুই ওয়ান শুটার গান, কার্তুজ ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৩:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ইদানিং রিপোর্টঃ- রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, দুটি তাজা কার্তুজ ও ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মো. ইসলাম সেক ওরফে আকাশ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দঘাট থানার দক্ষিণ উজানচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করে।
গ্রেপ্তার ইসলাম সেক ওরফে আকাশ গোয়ালন্দঘাট থানার ভোলাই মাতবর পাড়ার এরশাদ সেকের ছেলে। এসআরবি জানিয়েছে, তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। অবৈধ অস্ত্র ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





















