
ইদানিং রিপোর্টঃ- ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মান দিবস উদযাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষ্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতিময় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই, ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন , উৎপাদিত পণ্যের সঠিক মান নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিকতার মানদণ্ড বজায় রাখতে হবে। ভোক্তারা শতভাগ মানসম্মত খাবার পাচ্ছেন কি না, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।